আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: শাহজাহান মিয়া

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহর জামায়াতে ইসলামী উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাদ মাগরিব শহরের নিউ ট্রাক রোড দারুস সালাম ইসলামিক সেন্টারে এ আয়োজন হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের জন্য অফুরন্ত সম্পদ। তিনি ছিলেন কোরআনের পাখি, ইসলামের নিবেদিতপ্রাণ দায়ী। ফ্যাসিস্ট ও স্বৈরশাসক সরকারের আমলে তাকে মিথ্যা মামলায় কারাবন্দী রাখা হয়েছিল। চাঁদপুরেও তাঁর ও জামায়াতের শীর্ষ নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে প্রমাণিত হয়। অথচ তিনি সারাজীবন দেশ ও মানুষের কল্যাণেই কাজ করেছেন।

তিনি আরও বলেন, আল্লামা সাঈদী কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তা সর্বদা তুলে ধরেছেন। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর কর্মতৎপরতা দেশের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

অন্যান্য বক্তারা বলেন, আল্লামা সাঈদীর তাফসির, দাওয়াতি কার্যক্রম ও নির্ভীক বক্তব্য লক্ষ কোটি মানুষের হৃদয়ে ইসলামী চেতনার আলো ছড়িয়ে দিয়েছে। জাতির ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজান খান এবং সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন।

দোয়া ও আলোচনায় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহ-সেক্রেটারি মো. সবুজ খান, মো. গোলাম মাওলা, মো. ওমর ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া পরিচালনা করেন দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা সোহাইল আহমদ চিশতী।

সর্বশেষ নিউজ