সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মুজিবর গাজী (৬২) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত মুজিবর গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।
এর আগে রোববার সকালে শ্যামনগরের সোনার মোড় এলাকায় মুজিবর গাজী ও অমল সরকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুজিবরসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।
স্থানীয় সুশান্ত সরকার জানান, প্রায় ২০ বছর আগে অমল সরকার মুজিবর গাজীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। সুদ-আসলে টাকা পরিশোধ করার পরও মুজিবর গাজী অতিরিক্ত ৯০ হাজার টাকা দাবি করে আসছিলেন। এ নিয়েই রোববার সকালে তর্কবিতর্কের একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষ।
সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মুজিবর গাজী ও অমল সরকারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান মুজিবর গাজী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় সোমবার রাতে আলাউদ্দিন ও সুশান্ত সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। মঙ্গলবার মুজিবর গাজীর মৃত্যু হয়েছে।
বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

