সাতক্ষীরার কলারোয়ায় এখনো দাঁড়িয়ে আছে ২৬০ বছরের মঠবাড়ি মন্দির

মিহিরুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি
spot_img
spot_img

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায় মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন মঠবাড়ি মন্দির। তবে অযত্ন, অবহেলা ও যথাযথ সংরক্ষণের অভাবে ভগ্নদশায় পরিণত হয়েছে এই ঐতিহাসিক স্থাপনাটি। তিন তলা বিশিষ্ট এ পুরাকীর্তি নবরত্ন মন্দির বা শ্যামসুন্দর মন্দির নামেও পরিচিত।

উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রামে অবস্থিত ২৬০ বছরের পুরোনো এই প্রত্নস্থল। ৬০ ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত পিরামিড আকৃতির মঠবাড়ি মন্দির আজও প্রাচীন স্থাপত্যশৈলীর অপরূপ নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন নানা বয়সী দর্শনার্থী এখানে আসেন। অনেকে মন্দির চত্বরে সময় কাটানোর পাশাপাশি পিকনিকও করেন। যদিও বহুদিন ধরে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি উঠছে, তবুও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সম্ভাবনাটি এখনো বাস্তবায়িত হয়নি।

সংরক্ষণ না করা হলে জরাজীর্ণ এই মন্দির পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. মোশারফ হোসেনের লেখা ‘প্রত্নতাত্ত্বিক জরিপ প্রতিবেদন: বৃহত্তর খুলনা’ বইয়ে উল্লেখ করা হয়েছে, ১৭৬৭ খ্রিষ্টাব্দে জনৈক হরিরাম দাশ (অন্য সূত্রে দুর্গাপ্রিয় দাশ) এ মন্দির নির্মাণ করেন। সতীশ চন্দ্র মিত্র এবং প্রফেসর মো. আবু নসর রচিত কলারোয়া উপজেলার ইতিহাস বইয়েও একই তথ্য পাওয়া যায়।

সরেজমিনে দেখা গেছে, এটি ত্রি-তল বিশিষ্ট নবরত্ন মন্দির, যা শ্যামসুন্দর মন্দির নামে পরিচিত। এর সাথে লাগোয়া রয়েছে দুর্গা মন্দির ও শিব মন্দির। পিরামিড আকৃতির এ মন্দির দক্ষিণমুখী। নিচতলায় চারটি ভাগ রয়েছে—প্রথম ভাগে চারপাশ ঘিরে অলিন্দ, দ্বিতীয় ভাগে একটি মণ্ডপ, আর তৃতীয় ভাগে কয়েকটি প্রকোষ্ঠ। দ্বিতীয় তলায় রয়েছে দক্ষিণমুখী একটি কোঠা।

মন্দিরগুচ্ছের দক্ষিণে একটি অসমবাহু চৌকো দিঘি রয়েছে, যা জমির বিশ্বাসের পুকুর নামে পরিচিত। ধারণা করা হয়, মন্দির ও দিঘি একই সময়ে নির্মিত। বর্তমানে মন্দির ও দিঘি উভয়ই অবহেলায় পড়ে আছে।

মোশারফ হোসেনের জরিপে উল্লেখ আছে, শ্যামসুন্দর মঠ একটি উঁচু নিরেট মঞ্চের ওপর নির্মিত। প্রতিটি তলার ছাদ ধনুকাকারে বাঁকা এবং কোণাগুলো কৌণিক। ওপরের দিকে ধাপে ধাপে গম্বুজ সাজানো, যার মাঝখানে একটি বড় রত্ন আছে। এজন্যই এটি নবরত্ন মন্দির নামে পরিচিত।

শ্যামসুন্দর মন্দিরের পাশে রয়েছে দুর্গা মন্দির ও অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরে এখনো তিন ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ বিদ্যমান। সবগুলো স্থাপনা চুন-সুরকি মিশ্রিত মসলা দিয়ে নির্মিত। স্থানীয়দের বিশ্বাস, একসময় রামহংস পরমানন্দও এ মন্দির পরিদর্শন করেছিলেন।

২০১৪ সালের ২৬ অক্টোবর তৎকালীন ভারতীয় ডেপুটি হাইকমিশনার সদ্বীপ চক্রবর্তী মন্দির পরিদর্শন করে সংরক্ষণের গুরুত্বারোপ করেছিলেন। ২০২২ সালের ১৯ মার্চ ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না ও তার স্ত্রী নন্দিতা রায় মন্দিরে পূজা-অর্চনা করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “ইতিহাস-ঐতিহ্য রক্ষা করতে হলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।”

২০২২ সালের ২০ এপ্রিল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দীলিপ কুমার ঘোষ মন্দির পরিদর্শন করে শিগগির সংরক্ষণের আশ্বাস দিলেও এখনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। একই বছরের ১০ এপ্রিল জাহাঙ্গীরনগর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক গবেষণার অংশ হিসেবে মন্দির পরিদর্শন করে সরকারি উদ্যোগে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

এলাকার মানুষ জানান, প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত মন্দিরগুচ্ছের সংরক্ষণে উদ্যোগ নিক। সোনাবাড়িয়া সম্মিলিত হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু বলেন, “এই পুরাকীর্তি সংরক্ষণ করা হলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে এবং দর্শনার্থীরাও আকৃষ্ট হবে।”

স্থানীয়দের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে সংস্কার করা গেলে এ মন্দির হতে পারে সনাতন ধর্মাবলম্বী ও পুরাকীর্তিপ্রেমীদের জন্য দর্শনীয় স্থান এবং আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।

সর্বশেষ নিউজ