সিরাজগঞ্জ শহরে অপরাধ নিয়ন্ত্রণে স্থাপিত সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায় উদ্বেগ বাড়ছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং অপরাধীরা সুযোগ নিচ্ছে।
পুলিশ জানায়, অপরাধীরা অনেক সময় অপরাধ সংঘটনের আগে সিসি ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে, যাতে দ্রুত শনাক্ত না হয়। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যখন সিসি ক্যামেরা সচল থাকে, তখন অপরাধীদের শনাক্ত করা সহজ হয়। কিন্তু দীর্ঘদিন ক্যামেরাগুলো অকেজো থাকায় আমাদের কাজ কঠিন হয়ে পড়েছে।”
শহরের এসএস রোড, মুজিব সড়ক, কড়িতলা ও বাজার স্টেশন এলাকার ক্যামেরাগুলোসহ অনেকগুলোই নষ্ট হয়ে আছে। জেলা পুলিশের তথ্যমতে, ২০২১ সালে শহরের ৬৫টি পয়েন্টে ১০০টি সিসি ক্যামেরার মাধ্যমে একটি কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার চালু করা হয়েছিল। তবে বর্তমানে এর অধিকাংশই অকেজো হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা জুয়েল বলেন, সিসি ক্যামেরা সচল না থাকায় শহরে চুরি-ছিনতাই বেড়েছে। ক্যামেরা থাকলে পুলিশ দ্রুত অপরাধীদের ধরতে পারত।
একইভাবে স্থানীয় ব্যবসায়ী নোমান জানান, ব্যাংকের আশপাশে ছিনতাই হয়, আবার মোটরসাইকেলও চুরি হচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, সিসি ক্যামেরা থাকলে অপরাধীদের শনাক্ত করা সহজ হয়। আমরা জেলা প্রশাসক ও পৌরসভার সাথে আলোচনা করেছি, যাতে দ্রুত নতুন সিসি ক্যামেরা স্থাপন করা যায়।
শহরের নিরাপত্তা কার্যকর করতে সিসি ক্যামেরাগুলো দ্রুত সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, ক্যামেরাগুলো সচল হলে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

