সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের হরিনা পিপুলবাড়িয়া বাজারে বুধবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘোরাচোরা গ্রামের বাসিন্দা বেল্লাল মাস্টার (৫০) ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বেল্লাল মাস্টার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি সিএনজির নিচে পড়ে যান। সিএনজির নিচে চাপা পড়ে তার মাথা থেঁতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অটোরিকশাচালককে আটক করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, স্থানীয় মেম্বার আব্দুল মমিন এবং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দুধু খা। তারা এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বেল্লাল মাস্টারের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে এবং আগুন জ্বালান।
স্থানীয়রা জানান, দুর্ঘটনা এড়াতে সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন জরুরি। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

