চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়ায় সালিশ বৈঠক থেকে বের করে দেওয়ায় বালুরবিট মসজিদের ইমাম আবু জাফরকে (৫৯) বেদম মারধর করা হয়েছে। অভিযুক্ত হচ্ছেন আশিকাটি ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত নেতা আউয়াল মিজি।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইউনিয়নের হাঁপানিয়া বাজারে শাহ আলমের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত ইমাম আবু জাফর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এর আগে রাত ৮টার দিকে একটি তালাক সংক্রান্ত সালিশ বৈঠকে তিনি অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৈঠকে ইমাম আবু জাফর ধর্মীয় রীতি অনুসারে তালাকের বিষয় উপস্থাপন করেন। কিন্তু এ সময় আউয়াল মিজি সমস্যা সৃষ্টি করলে তাকে সালিশ থেকে বের করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি দোকানের সামনে ইমামের ওপর হামলা চালান।
আউয়াল মিজির বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, তিনি বহিষ্কৃত হলেও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকেন। শুধু তাই নয়, এলাকায় প্রভাব বিস্তার করতে তিনি লাঠিয়াল বাহিনী ও কিশোর গ্যাং গড়ে তুলেছেন। মাদক ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এছাড়া নারী সংক্রান্ত এক ঘটনায় সম্প্রতি হাজীগঞ্জে জনতার হাতে ধরা পড়েছিলেন আউয়াল মিজি। সে সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। স্থানীয়দের অভিযোগ, একের পর এক অপরাধে জড়ালেও রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি পার পেয়ে যাচ্ছেন।

