চাঁদপুর প্রতিনিধি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াত এদেশের জনগনের সকল অধিকার নিশ্চিত করতে চায়। তাই সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কর্মীদের সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রমিকবান্ধব সংগঠনে পরিণত করতে হবে।
শনিবার বিকেলে কুমিল্লায় অঞ্চল দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত ৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আন্দোলন ও নির্বাচন একসাথে চালাতে হবে। জুলাই সনদকে আইনী ভিত্তি দিতে হবে। পিআর সিস্টেমে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং আওয়ামী ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করেই অন্তবর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচন দিতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অঞ্চল সহকারী পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মো. মজিবুর রহমান ভূইয়া, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবদুস সালাম, কুমিল্লা অঞ্চল টিমের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এ সময় কুমিল্লা- নোয়াখালী অঞ্চলের ৮ জেলার আমির, সেক্রেটারি ও এমপি প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

