ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া ও কমিউনিকেশন (জেএমসি) বিভাগ গুগল ও ইউটিউবের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে। প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে বিভাগটির একটি প্রতিনিধি দল গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সিঙ্গাপুরে অবস্থিত গুগল এশিয়া প্যাসিফিক সদর দপ্তরে পৃথক দুটি বৈঠকে অংশ নেয়।
প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গুগল নিউজ ইনিশিয়েটিভ টিমের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন গুগল নিউজ পার্টনারশিপ প্রকল্পের প্রতিনিধি আদিল ফারহান, ড্যাফোডিলের জেএমসি বিভাগের প্রধান ড. আফতাব হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান।
বৈঠকে উভয় পক্ষ সেমিনার, ইন্টার্নশিপ ও মাস্টারক্লাস আয়োজনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জেএমসি প্রতিনিধিদল বৈঠকে জানায়, তাদের বিভাগ ইতিমধ্যেই পাঠ্যসূচিতে গুগলের বিভিন্ন এআই টুল ও ডিজিটাল সাংবাদিকতা সংশ্লিষ্ট রিসোর্স সংযুক্ত করেছে, যাতে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমে প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে পারে।
এ বিষয়ে বিভাগের প্রধান ড. আফতাব হোসেন বলেন, গণমাধ্যম ও প্রযুক্তির এই সন্ধিক্ষণে গুগল নিউজ ইনিশিয়েটিভের সঙ্গে আমাদের সহযোগিতা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। কোর্স কারিকুলামে এআই টুলের একীকরণ প্রমাণ করে, আমরা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এরপর জেএমসি প্রতিনিধিদল ইউটিউবের সঙ্গে আরেকটি বৈঠকে অংশ নেয়। সেখানে উপস্থিত ছিলেন গুগল এশিয়া প্যাসিফিক হেডকোয়ার্টারের ইউটিউব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রতিনিধি আবু সালেহ।
বৈঠকে উভয় পক্ষ তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য ইনকিউবেশন প্রকল্প, কমিউনিটি গাইডলাইনস সচেতনতা এবং ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ মাঠপর্যায়ে সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়।
গুগল নিউজ পার্টনারশিপের প্রতিনিধি আদিল ফারহান বলেন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার এ ধরনের উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তথ্য যাচাই ও এআই টুল ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে গুগল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জেএমসি বিভাগের এই সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করছি।
উল্লেখ্য, গুগলের উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশে শুরু হওয়া ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ কার্যক্রমে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

