মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: কাদের গনি

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি
spot_img
spot_img

বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। গণতন্ত্রে উত্তরণ ও স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।

বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ির বিবিরহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুপুর থেকে ফটিকছড়ি ও ভুজপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে জড়ো হন। বিকেল তিনটার মধ্যে ফটিকছড়ি তালিমুদ্দিন মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

কাদের গনি চৌধুরী বলেন, “ধানের শীষে ভোট দিয়ে এ দেশের মানুষ কখনো প্রতারিত হয়নি। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে।”

বক্তব্য শেষে তিনি বিবিরহাট বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। পরে এক বিশাল গণমিছিল বের হয়, যা বিবিরহাট বাজার, নাজিরহাট, রোসাংগিরি ও আজিম নগর হয়ে মাইজভান্ডার দরবার শরীফে গিয়ে শেষ হয়। সেখানে তিনি নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন।

কাদের গনি চৌধুরী বলেন, তারেক রহমান একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন—যেখানে মানুষ শান্তিতে থাকবে, কোনো নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবেন না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই বাস্তবতায় বিএনপির ৩১ দফা কর্মসূচি একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, যা শুধু সমস্যার সমাধানই নয়, বরং একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা দেয়।

তিনি বলেন, “বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপক্ষে। আমরা জনগণের ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেছিল।”

কাদের গনি চৌধুরী আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব মত ও পথের মানুষের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও বোঝাপড়ার ভিত্তিতে একটি বৈষম্যহীন, সম্প্রীতিমূলক এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, “বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক একটি সম্মিলিত রাষ্ট্র গঠনের মাধ্যমে ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সবাইকে ভালোবাসা ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়া হবে।”

লিফলেট বিতরণ ও গণমিছিলে অংশ নেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, সারোয়ার হোসেন, এম মোর্শেদ হাজারী, ওসমান তাহের সম্রাট, আহমদ গনি চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, কে আজম, মনচুর চৌধুরী, সৈয়দ মোর্শেদ, সেলিম খান, আমিন তালুকদার, মোহাম্মদ মানিক হোসেন, হানিফ মেম্বার, সৈয়দ মেম্বার, নুরুল আবছার চৌধুরী, নুরুল আবছার, আবু তাহের মেম্বার, আইয়ুব মেম্বার, নাসির চৌধুরী, আবদুল হালিম চৌধুরী, হাসান চৌধুরী, আহসানুল করিম রাজন, রসুল আমিন, আবু বকর প্রমুখ।

সর্বশেষ নিউজ