চাঁদপুরের ইচলী ফেরিঘাটে ডাকাতিয়া নদীর ওপর ২৬০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বহুদিনের দাবি পূরণের পথে এই সেতু বাস্তবায়িত হলে জেলার দক্ষিণ-পূর্বাঞ্চলের হাজারো মানুষের যোগাযোগব্যবস্থায় আসবে বড় পরিবর্তন।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এবং সড়ক বিভাগের কর্মকর্তারা।
সেতু নির্মাণে অগ্রগতি
সড়ক ও জনপথ বিভাগের সূত্রে জানা গেছে, “চাঁদপুর–নানুপুর–চান্দ্রা–কামতাবাজার–রামগঞ্জ সড়ক (জেড–১৪১২)”–এর চেইনেজ ০+৭৯৫০ অংশে ডাকাতিয়া নদীর ওপর ২৬০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইতোমধ্যে বিআরটিসি–বিইউইটি হাইড্রোলজিক্যাল স্টাডি সম্পন্ন করেছে। বিদ্যুৎ লাইন স্থানান্তর, নদী প্রশিক্ষণ ও তীররক্ষা–সংক্রান্ত কাজের প্রস্তুতিও চলছে। পূর্বের চাঁদপুর সেতু (২৫৪ মিটার) ও নতুন বাজার–পুরান বাজার সেতুর (২৬০ মিটার) অভিজ্ঞতা বিবেচনায় রেখে ডিজাইন করা হচ্ছে নতুন ইচলী সেতুটি।
জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, ইচলী সেতু বাস্তবায়িত হলে চাঁদপুরের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হবে। স্থানীয় অর্থনীতি ও বাণিজ্যে নতুন গতি আসবে।
একসময় জীবন্ত ছিল ইচলী ঘাট
ইচলী ফেরিঘাট একসময় চাঁদপুরের দক্ষিণ–পূর্বাঞ্চলের মানুষের ঢাকাগামী প্রধান নদীপথ ছিল। রামগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের মানুষ লঞ্চে চড়ে এখান দিয়েই রাজধানীতে যাতায়াত করত।
ফেরিঘাট ঘিরে ছিল দোকানপাট, খেয়া নৌকা, টোল আদায় ও মাঝিদের কর্মব্যস্ততা।
২০০৫ সালে চাঁদপুর–রায়পুর সেতু চালু হওয়ার পর থেকেই কমতে থাকে ঘাটের কোলাহল। ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, পরে লঞ্চ সার্ভিসও বন্ধ হয়। এখন হাতে গোনা কয়েকটি খেয়া নৌকাই মানুষ পারাপারের একমাত্র ভরসা।
সরেজমিনে দেখা গেছে, একসময় যেখানে শত শত মানুষ পারাপার হতো, এখন সেখানে নেমে এসেছে নিরবতা। কিছু খেয়া নৌকা থাকলেও ব্যবহারকারী খুবই কম।
স্থানীয়দের প্রত্যাশা
ইচলী, ঢালীরঘাট, বালিয়া, বাগাদী ও আশপাশের গ্রামের মানুষ বলছেন, ব্রিজটি নির্মিত হলে শহরে যাতায়াত অনেক সহজ হবে। রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের জন্য এটি হবে বড় স্বস্তি। শহরের প্রধান সড়কের যানজটও কিছুটা লাঘব হবে বলে আশা তাঁদের।
স্থানীয় যুবক ও ছাত্রদল নেতা বারেক ভূঁইয়া বলেন, ইচলী ঘাট শুধু একটি জায়গা নয়, এটি চাঁদপুরের ইতিহাসের অংশ। যদি লঞ্চঘাটটি আবার চালু করা যেত, তাহলে মাঝিদের সংসারে আবার হাসি ফিরত।
উন্নয়নের নতুন আশা
ইচলী সেতু নির্মিত হলে শুধু যাতায়াত নয়, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা–বাণিজ্যের সুযোগও বাড়বে বলে মনে করেন স্থানীয়রা।
দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের অপেক্ষায় এখন চাঁদপুরের মানুষ।

