চাঁদপুরে স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ মামলায় এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার শাহরাস্তি আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো নারী কামরুন নাহার (৩২) শাহরাস্তি উপজেলার বেরনাইয়া গ্রামের মজিবুর রহমানের স্ত্রী।

আদালত সূত্রে জানা গেছে, কামরুন নাহারের স্বামী মজিবুর রহমান চলতি বছরের ২০ জুলাই যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি দায়ের করেন। আদালত গত ২১ আগস্ট আসামির বিরুদ্ধে সমন জারি করেন। তবে সমন জারি হওয়ার পরও তিনি আদালতে হাজির না হওয়ায় ৫ অক্টোবর বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরপর শাহরাস্তি থানা–পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে ৩ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কালীবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করে। পরদিন মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী চাঁদপুর বারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ সাইফুল মোল্লা বলেন, ‘যৌতুক নিরোধ আইন অনুযায়ী বিয়ের যে কোনো পক্ষ যৌতুক দাবি করলে তা শাস্তিযোগ্য অপরাধ। স্ত্রী পক্ষ যৌতুক দাবি করায় আমরা আইনের আশ্রয় নিয়েছি, আদালত মামলাটি আমলে নিয়েছেন।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুন কামরুন নাহার ও মজিবুর রহমানের বিয়ে হয়। বিয়ের সময় দুই লাখ টাকা দেনমোহর নির্ধারিত হয়। তখন বরপক্ষ প্রায় চার লাখ টাকার স্বর্ণালঙ্কার ও আড়াই লাখ টাকার মেহমানদারি খরচ বহন করেন।

এর পর থেকে কামরুন নাহার স্বামীর কাছে নগদ অর্থ, জমিজমা এবং শহরে ফ্ল্যাট কেনার দাবি করেন। বিভিন্ন সময় তিনি স্বামীর কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকা নিয়ে ফেরত দেননি বলেও মামলায় অভিযোগ করা হয়।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে স্বামী মজিবুর রহমান আদালতের দ্বারস্থ হন।

সর্বশেষ নিউজ