বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চাঁদপুর উপ–আঞ্চলিক কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
বুধবার বিকেলে চাঁদপুরে কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন তিনি।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। চাঁদপুরে এই উপ–আঞ্চলিক কেন্দ্রের নতুন ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ সহজ করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার অধ্যাপক আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. আবদুল মাননান এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর–হাইমচর আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং এনসিপি জেলা সমন্বয়ক মাহবুব আলম।
অনুষ্ঠানে চাঁদপুর উপ–আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ইব্রাহিম খলিলসহ কর্মকর্তা–কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপাচার্য ও অতিথিরা ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

