বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দেশে জনগণ আর দেখতে চায় না। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বই পারে বাংলাদেশকে শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজে রূপ দিতে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে তিনি হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট, লঞ্চঘাট, নতুন বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য দেন। সেখানে তিনি জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থন চান।
অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ন্যায়বিচার, শান্তি ও জনকল্যাণ নিশ্চিত হবে। ক্ষমতা দখল নয়, জনগণের সেবা করাই আমাদের লক্ষ্য।’
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুল্লাহ হক, সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার, সরকারি সেক্রেটারি সাইফুর রহমান, চরভৈরভী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল মান্নান, সেক্রেটারি মাস্টার আহমদ আলী, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মফিজুর রহমান, সেক্রেটারি সিরাজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মনির হোসেন, হাইমচর ইউনিয়ন সভাপতি মাওলানা সাঈদ আহমেদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতা।
পথসভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার আশ্বাস দেন।

