ঢাকা জেলা পরিষদ কর্মকর্তা–কর্মচারীদের জন্য সরকারি পেনশন প্রথা চালুর দাবি জানানো হয়েছে। শুক্রবার ঢাকার গাবতলীর বড়বাজার বেড়িবাঁধ জেলা পরিষদ কনভেনশন অডিটরিয়ামে সমিতির এক সাধারণ সভায় এই দাবি তোলা হয়।
সভায় নেতারা বলেন, স্থানীয় সরকার কাঠামোয় জেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে জেলার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন মানবিক সেবায় জেলা পরিষদ কর্মকর্তা–কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তদারকি, সড়ক–ব্রিজ নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রাচীন ডাকবাংলো ও যাত্রীছাউনি পরিচালনাও তাঁদের দায়িত্বের অংশ।
তাঁরা বলেন, সরকারি কর্মচারীদের মতো জেলা পরিষদের কর্মকর্তা–কর্মচারীরা মাঠপর্যায়ে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করলেও এখনো পেনশন সুবিধা পান না। দীর্ঘ চাকরি শেষে এককালীন সামান্য আর্থিক সহায়তা ছাড়া তাঁদের ভবিষ্যৎ সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এতে অবসরের পর বহু কর্মচারী অনিশ্চয়তা ও মানবেতর জীবন–যাপনে বাধ্য হন।
সমিতির সভাপতি কে এম রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. চুন্নু মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি এনামুল হক বশির, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী, খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নুর হোসেন, মাদারিপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতিফা ইয়াসমিন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন নিঝুম ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চ.) শেখ মহিউদ্দিন রাসেল।
সভায় বক্তারা জেলা পরিষদ কর্মকর্তা–কর্মচারীদের পেনশনের পাশাপাশি প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন, ডাকবাংলো কেয়ারটেকারদের অর্গানোগ্রামে অন্তর্ভুক্তি, মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবি জানান।
পরে পদোন্নতিপ্রাপ্ত ২১ জন প্রশাসনিক কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়। দেশের ৬১টি জেলা পরিষদের কর্মকর্তা–কর্মচারী সভায় অংশ নেন।

