ভারতীয় নাগরিকের লাশ আত্মীয়দের দেখাতে সীমান্তে সাহায্য করল বিজিবি–বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
spot_img
spot_img

ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের সেলিনা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার পর তাঁর লাশ বাংলাদেশে থাকা আত্মীয়দের দেখাতে সহযোগিতা করেছে বিজিবি এবং বিএসএফ।

শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে তাঁর মৃত্যুর খবর পান সেলিনা বেগমের ভাই মোসলেম উদ্দিনের ছেলে তোফাজ্জল হক। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের বাসিন্দা। স্বজনেরা লাশ দেখার অনুরোধ জানিয়ে বিজিবির কাছে আবেদন করেন।

আবেদনের পর বিজিবি দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে দুই পক্ষের সম্মতিতে সীমান্তে লাশ দেখানোর ব্যবস্থা করা হয়। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২–এসের কাছে শূন্য লাইনে লাশ দেখানো হয়।

বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশি পরিবারটি তাঁদের স্বজনকে শেষবারের মতো দেখতে পারে। স্বজনেরা আবেগাপ্লুত হয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মানবিক কারণে বিজিবি সব সময় এমন সহায়তা করে থাকে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সর্বশেষ নিউজ