বিএনপির মনোনয়নপ্রত্যাশীর কর্মীর ওপর হামলা, টাকা ছিনতাই

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরের মেলান্দহে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর এক কর্মীর ওপর হামলা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

হামলার শিকার মো. সম্রাট মিয়া (৩৭) বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হাজরাবাড়ী বাজারের পূর্ব পাশে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

মো. সম্রাট মিয়া ঘোষেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাজরাবাড়ী বাজারের এক কাঠ ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র ঘনিষ্ঠ কর্মী সম্রাট মিয়া। যদিও সিদ্দিকী শুভ এখনো দলীয় মনোনয়ন পাননি, তিনি নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় সম্রাট মিয়া তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করাকালে পূর্বপরিকল্পিতভাবে কিছু দুর্বৃত্ত হামলা করে তাঁর কাছে থাকা নগদ দুই লাখ আশি হাজার টাকা ছিনিয়ে নেয়।

আহত সম্রাটের ভাই জাকির হোসেন লেবু বলেন, ‘আমার ভাই সিদ্দিকী শুভ’র কর্মী—এটাই তার অপরাধ। আজ বিকেলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দোকানে ফিরলে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা করে, টাকা ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে ভর্তি করি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আজকে পূর্বপরিকল্পিতভাবে আমার এক কর্মীর ওপর হামলা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমার কর্মী–সমর্থকদের আরো ধৈর্যশীল ও শান্ত থাকার আহ্বান জানাই।’

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ নিউজ