আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস মোকাবিলায় জনগণই যথেষ্ট: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও চোরাগোপ্তা হামলার প্রতিবাদে রাজধানীর রামপুরায় মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামপুরা থানার উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ যখন অবৈধভাবে ক্ষমতায় ছিল, তখনও আগুন দিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলের নেতাদের ফাঁসাতো। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখন দেশজুড়ে চোরাগোপ্তা হামলা করে নিরীহ মানুষ হত্যা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে দমন-পীড়নের রাজনীতি করেছে। জুলাইয়ে ছাত্র-জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে তাদের রাজনীতির অধ্যায় শেষ হয়েছে। এখন ককটেল মেরে, আগুন সন্ত্রাস করে ফেরার চেষ্টা করছে। কিন্তু জনগণই এই আগুন সন্ত্রাস প্রতিহত করবে।

আবু হানিফ অভিযোগ করেন, ভারত ও আওয়ামী লীগ মিলে দেশে অরাজকতা সৃষ্টি করে আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করছে। জনগণ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার কেউ ভোটাধিকার কেড়ে নিতে পারবে না, ফেব্রুয়ারির নির্বাচন যেকোনো মূল্যে অনুষ্ঠিত হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম রতন, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম, সহসভাপতি রাকিবুল হাসান, অপূর্ব আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান, এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সাব্বির প্রমুখ।

মিছিল শেষে অংশগ্রহণকারীরা রামপুরা সড়ক প্রদক্ষিণ করে ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন।

সর্বশেষ নিউজ