গণঅধিকার পরিষদ মনোনীত কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের প্রার্থী, দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ শুক্রবার সন্ধ্যার পর হোসেনপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি। গণসংযোগে অংশ নেন শ্রমিক অধিকার পরিষদের নেতারাও।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু হানিফ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। এবার যোগ্য, সৎ ও মেধাবীদের সংসদে পাঠাতে পারলে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না।’
তিনি আরও বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর কোনো বিভ্রান্তি বা জটিলতা সৃষ্টি করা উচিত নয়। তাঁর ভাষায়, ‘জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার সরকার বিদেশে বসে নির্বাচন বানচালের চেষ্টা করছে।’
রাষ্ট্র সংস্কারের জন্য আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। ‘গণভোটে জুলাই সনদের পক্ষে ভোট দিলে সংবিধান সংস্কারের পথ উন্মুক্ত হবে, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটবে’, বলেন তিনি।
গণসংযোগে অংশ নেওয়া শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার পতন হলেও চাঁদাবাজি, দখলদারি ও মাদক ব্যবসা বন্ধ হয়নি। আগে আওয়ামী লীগ করত, এখন অন্য দলগুলো করছে।’
তিনি আরও বলেন, ‘এই চাঁদাবাজ ও দখলদারদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ভালো মানুষকে ভোট দিতে হবে।’

