চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্রয়কর্মী রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলাম রবিন ওরফে ‘ডাকাত রবিন’ (৩১) অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–১১–এর হাতে আটক হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। র্যাব–১১, সিপিসি–২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার পর রবিনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকা থেকে আটক করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের বাসিন্দা এবং হাজী শামসুন নূর পাটোয়ারীর ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জ থানায় ২টি ও বাকি ১৩টি মামলা লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ ও সদর থানায়।
র্যাবের অনুসন্ধান ও রবিনের প্রাথমিক স্বীকারোক্তিতে জানা যায়, নিহত রুহুল আমিন (৩৭) ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের মিজি বাড়ির বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাওলানা মাহমুদুল হাসানের ছেলে এবং সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের ফরিদগঞ্জ এলাকার বিক্রয় প্রতিনিধি। প্রতিদিনের মতো গত ১১ নভেম্বর রাতে বিভিন্ন স্থানে পণ্য বিক্রির পর বিক্রয়লব্ধ টাকা ডিলারের কাছে জমা দিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন রুহুল।
রবিন ও তার সহযোগীরা রুস্তমপুর এলাকায় পথরোধ করে তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। রুহুল তাঁদের পিছু নিলে সমিতি পোলের গোড়া এলাকায় লোকজন দেখে তিনি ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করেন। এ সময় রবিন তাঁর দিকে এলোপাতাড়ি গুলি চালালে রুহুল ঘটনাস্থলেই মারা যান। পরে তারা দ্রুত সরে যায়।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ‘র্যাবের হাতে রবিন আটক হয়েছে বলে জেনেছি। র্যাব তাঁকে হস্তান্তর করলে আমরা আইনি প্রক্রিয়া শুরু করবো।’

