জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক তুলে ধরে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে জামালপুরের দেওয়ানগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম আয়োজন করা হয়।
কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরী, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। আয়োজকেরা আলোচনাসভা, প্রশ্নোত্তর পর্বসহ নানা কার্যক্রমের মাধ্যমে মানুষকে সুষম খাদ্য নির্বাচনে উৎসাহিত করেন।
বক্তারা বলেন, শরীর সুস্থ রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের বিকল্প নেই। জাঙ্ক ফুড শরীরের ক্ষতি করে এবং শিশু-কিশোরদের পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ায়। তাই পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে এবং স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, ফলমূল, ডিম, দুধ ও মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান হাবিব। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মো. শফিউল্লাহ, পরিসংখ্যানবিদ আল আমিন হাসান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো. শরীফ উদ্দিন, উন্নয়ন সংঘের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, জেন্ডার ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মনোয়ারা পারভীন, জেসমিন প্রকল্পের মনিটরিং অফিসার একেএম আরিফুর রহমান এবং নিউট্রিশন অফিসার (মেলান্দহ–ইসলামপুর) রেবেকা সুলতানা।
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)–এর অর্থায়নে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন জেসমিন প্রকল্পের মাঠকর্মী ও স্থানীয় উন্নয়নকর্মীরা। ক্যাম্পেইন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জে কার্যক্রম পরিচালনা করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহযোগিতায় ANCP–এর অর্থায়নে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮–২০২৩) বর্ধিত অংশ।

