পঞ্চগড়কে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। তিনি বলেছেন, ‘জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারা মত দিয়েছেন—পঞ্চগড়কে যেন দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করা যায়। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কিংবা একজন পরিচালক এসে যাতে এই ঘোষণা দিতে পারেন, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে চাই। এর জন্য সবাই প্রতিশ্রুতি দিয়েছেন, আমরাও একসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ।’
মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নিজেকে সংবাদকর্মীদের সহকর্মী উল্লেখ করে তিনি জেলার সার্বিক উন্নয়নে তাঁদের সহযোগিতা চান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার রাতে কাজী মো. সায়েমুজ্জামান পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের আগের সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক প্রোফাইলে দীর্ঘ স্ট্যাটাসে পঞ্চগড়বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘পঞ্চগড়ে পদায়নের পর আপনারা নজিরবিহীনভাবে স্বাগত জানিয়েছেন। আপনাদের ভালোবাসায় অভিভূত হয়েছি। এই অভিনন্দনের জোয়ারে প্রত্যাশার চাপ বেড়ে গেছে। কাজ দিয়ে এই চাপ মুক্ত করার চেষ্টা করবো।’
দুর্নীতি দমন কমিশনের সাবেক আলোচিত পরিচালক হিসেবে পরিচিত কাজী মো. সায়েমুজ্জামান লেখেন, ‘চাকরি জীবনের শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিজে দুর্নীতি করি না, অন্যকে করতে দিই না। একটা লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে পঞ্চগড়ে যাচ্ছি। সেই একটি লাগেজ ও আপনাদের ভালোবাসা নিয়েই ফেরত আসবো, ইনশাআল্লাহ।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকে তিনি নিজের বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে লেখেন, ‘আমি বিশ্বাস করি, ভোটরক্ষা মানে দেশরক্ষা। এটি আমার ওপর অর্পিত পবিত্র আমানত। কোনো রাগ–অনুরাগ বা লোভ আমাকে আমার দায়িত্ব থেকে সরাতে পারবে না। আমি একজন পেশাদার ক্যারিয়ার ব্যুরোক্রেট, আপনারা আমার ওপর ভরসা রাখতে পারেন।’
শেষদিকে তিনি পঞ্চগড়বাসীর উদ্দেশে লেখেন, ‘আপনাদের অফিসে স্বাগত। সেবার প্রয়োজনে আসবেন, দেখা করতে আসবেন। তবে দয়া করে কেউ ফুল বা ফুলের তোড়া আনবেন না, কোনো ধরনের গিফটও নয়। গিফট অপছন্দ করি। শুধু আপনাদের দোয়া আমার জন্য যথেষ্ট।’
নবাগত জেলা প্রশাসক তাঁর দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং পঞ্চগড়কে দুর্নীতিমুক্ত জেলার পথে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

