চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের এক বিক্রয়কর্মী রুহুল আমিনকে গুলি করে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে তিন উপজেলার আতঙ্ক রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসোইন এর আদালতে হাজির হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে বর্ণনা রবিন দিয়েছিল, আদালতেও সে একইভাবে হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছে। জবানবন্দি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় র্যাব–১১ রবিনকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার সকালে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সে জবানবন্দি প্রদান করে।
স্বীকারোক্তিতে রবিন জানায়, গত ১১ নভেম্বর রাতে রুস্তুমপুর এলাকায় সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনের গতিরোধ করে সে ও তার সহযোগী পারভেজ। পণ্য বিক্রয়লব্ধ টাকা ছিনিয়ে মোটরসাইকেলে পালানোর সময় রুহুল আমিন তাদের পিছু নিলে, রুস্তুমপুর সমিতি পোলের গোড়ায় লোকজন দেখে রুহুল আমিন ডাকাত বলে চিৎকার করেন। এসময় ধরা পড়ার ভয় পেয়ে রবিন আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ব্যবহৃত অস্ত্রটি সে পারভেজের কাছ থেকেই নিয়ে আসে।
রবিনের বিরুদ্ধে ১৫টি মামলার তথ্য
রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতিসহ মোট ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জ থানার দুটি এবং বাকি ১৩টি মামলাই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানার।
ঘটনার প্রেক্ষাপট
গত ১১ নভেম্বর মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের এসআর রুহুল আমিন (৩৭)। তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মাহমুদুল হাসানের ছেলে।
ঘটনার পর ১৮ নভেম্বর র্যাব–১১ তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে রবিন ডাকাতকে আটক করে।

