চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তেতুলতলার পূর্বপাশে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হাবিব মিজির পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে ডেউটিনসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন। এ সময় তিনি পুনর্বাসনের পুরো প্রক্রিয়ায় আরও সহযোগিতার আশ্বাস দেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, তরপুরচণ্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসেন সরদার, ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মুহাম্মদ ইমরান খানসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
গত রবিবার সকালে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই হাবিব মিজির একমাত্র বসতঘরটি পুড়ে যায়। ঘরহীন হয়ে পড়া পরিবারটিকে ঘিরে এলাকায় মানবিক সহমর্মিতার পরিবেশ তৈরি হয়।
জামায়াত নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে ভবিষ্যতে যেকোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয়রা তাদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

