আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের দুইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে দায়িত্ব পালনকারী দুই নেতাকে দলীয়ভাবে মনোনয়ন দিয়েছে নবীন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম।
চাঁদপুর-১ (কচুয়া): এনায়েত হাসিব
চাঁদপুর-১ (কচুয়া) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ–গণমাধ্যম সম্পাদক এনায়েত হাসিব।
দলের সূচনা পর্ব থেকেই তিনি সংগঠনের প্রচার, সাংগঠনিক বিস্তার এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। গণমাধ্যম সমন্বয় ও প্রচার–প্রচারণায় তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত। আসন্ন নির্বাচনে কচুয়া এলাকায় নতুন বিকল্প নেতৃত্ব হিসেবে তাকে চিহ্নিত করছে দলটি।
চাঁদপুর-৩ : সাংবাদিক মো. জাকির হোসেন
চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে প্রার্থী হয়েছেন গণঅধিকার পরিষদের চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন।
পেশাগতভাবে তিনি একজন অভিজ্ঞ সাংবাদিক এবং দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি—
জুলাই মঞ্চ, চাঁদপুর জেলা কাঠামোর আহ্বায়ক
চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য
নিরাপদ সড়ক আন্দোলন (চাঁদপুর জেলা) এর নির্বাহী সদস্য
বর্ণচোরা নাট্যগোষ্ঠী ও স্বরলিপি নাট্যদলের উপদেষ্টা
আলোকিত ফাউন্ডেশন এবং এন ইসলাম এন্ড রাজিয়া ফাউন্ডেশনের সভাপতি
হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ
অঞ্চলের দুইটি গুরুত্বপূর্ণ আসনে নতুন প্রার্থী ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, চাঁদপুরে নিজেদের উপস্থিতি জোরদার করতে গণঅধিকার পরিষদ কৌশলগতভাবে সংগঠনের পরিচিত মুখদের সামনে এনেছে।
আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থীরা মাঠে কী ধরনের প্রচার–কৌশল গ্রহণ করেন এবং ভোটারদের মধ্যে কতটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন—এখন সেটিই দেখার বিষয়।

