খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) সারা দেশের বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও বিশেষ প্রার্থনা সভা হয়েছে।

বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও প্রার্থনার আয়োজন করেন। এতে সাধারণ মানুষও যোগদান করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ ছাড়া বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় সদকা হিসেবে পশু জবাই দিয়ে দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর :

গাজীপুর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় শহরের রাজবাড়ী মাঠে ওই গণদোয়ার আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ গণদোয়া অনুষ্ঠানে অংশ নেন।

এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল ভাওয়াল রাজবাড়ী মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। এর আগে গণতন্ত্রের মা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী প্রমুখ।

বগুড়া

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বগুড়ার গাবতলীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে গাবতলী উপজেলার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, সম্মিলিত এলাকাবাসী ও হাফেজিয়া মাদরাসার কয়েক হাজার এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন অন্ধ হাফেজ কারী মাওলানা ফাহাদ হোসেন। এ মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নোয়াখালী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ওই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে পঞ্চগড় পৌর বিএনপি। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা ইউনুস শেখ, আব্দুল্লাহ আল মামুন রনিসহ পৌর ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

খুলনা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সদকা হিসেবে পশু জবাই দিয়ে দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করেছেন বিএনপি নেতারা। বুধবার দুপুরে নগরীর রূপসা স্ট্যান্ডরোড চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের নগর সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বিএনপি নেতা রেহেনা ঈসা, শেখ সাদী, মো:মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানর রশীদ মিরাজ, বদরুম আনাম খান, কে এম হুমায়ুন, হাফিজুর রহমান মনি, মোল্যা ফরিদ আহম্মেদ, আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান মিলটন, শরীফুল ইসলাম টিপু, জাকির ইকবাল বাপ্পি, কাজীজলিল, রকিবুল ইসলাম মতি, জাফরী নেওয়াজ চন্দন, ইফতেখার হোসেন বাবু, মাসুদুল হক হারুন, আবু সাঈদ, জামীর হোসেন দ্বীপু, সাকীব জমাদ্দার, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রশীদ মিজান প্রমুখ।

সুনামগঞ্জ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে মসজিদ, মাদরাসা ও এতিমখানায় দোয়া মাহফিল হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের আয়োজনে দোয়া ও খাবার বিতরণে আয়োজন করা হয়।

এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দুপুর ৩টা থেকে পবিত্র কোরআন তেলওয়াত শুরু হয়। কোরআন খতমের পর সেখানে আসরের নামাজের আয়োজন করা হয়। নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়ায় অংশ নেন হাজারো মানুষ।

দোয়ার অনুষ্ঠানে অংশ নেন জেলার মোট ২৭টি রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা আল্লাহর কাছে ফরিয়াদ করেন মুসল্লিরা। তার স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

আদমদীঘি, বগুড়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়ার আদমদীঘিতে মাদরাসা ও মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

বুধবার বাদ আসর উপজেলা পরিষদ মসজিদে শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে এবং ছাতিয়ানগ্রাম গাজী পাতলাপীর হাফেজিয়া ক্বওমী মাদরাসা পরিচালনা কমিটির উদ্যোগে পৃথক স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের ধানের শীষের প্রার্থী আবদুল মহিত তালুকদার, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আজিজুল হক রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ সভাপতি কামরুল হাসান মধু, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহবায়ক গোলাম মোস্তফা, জেলা শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মাহিনুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, জিললুর রহমান, আবু মোত্তালেব।

বাগেরহাট

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হযরত খানজান (রহ.) মাজার শরীফ মাঠে বাগেরহাট সদর আসনের সাবেক এমপি এমএএইচ সেলিমের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে ১০ হাজারেরও বেশি সাধারণ মানুষ অংশ নেন।

মাহফিলে সাবেক এমএএইচ সেলিম, তার স্ত্রী, সন্তানরা, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক বিএনপি নেতা ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শেখ মাহাবুবুর রহমান টুটুল, মাদ্রাসাছাত্র, দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ দুহাত তুলে মোনাজাতে অংশ নেন।

 

সর্বশেষ নিউজ