চাঁদপুর সদর–হাইমচর–৩ আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সোমবার সকালে চাঁদপুর পৌরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। সকাল ৮টায় শহরের দর্জিঘাট এলাকা থেকে তাঁর প্রচারণা শুরু হয়। এ সময় দোকানদার, ব্যবসায়ী ও স্থানীয় ক্রেতাদের সঙ্গে কথা বলে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এরপর তিনি ১৩ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প এলাকায় গিয়ে বাড়ি বাড়ি খোঁজখবর নেন। বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। এর জন্য তিনি দুর্নীতি, ঘুষ এবং সৎ নেতৃত্ব নির্বাচন করতে না পারাকে দায়ী করেন।
এক পথসভায় অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, ‘আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কার প্রার্থিকে বিজয়ী করেন, তাহলে সরকারি সেবা পেতে আর লাইনে দাঁড়াতে হবে না। এসব সেবা আপনাদের ঘরে বসেই পৌঁছে দেওয়া হবে।’
গণসংযোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, জেলা জামায়াতের অফিস সম্পাদক নাছির উদ্দিন, চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ফয়সাল খান, হাবিব গাজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ১০, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে ছিলেন গোলাম মাওলা, আমিন বেপারী, ওহাব খলিফা, মারুফ পাটোয়ারি, জাকারিয়া, সাইফুল ঢালী, ফারুক প্রমুখ।

