গোপনে বিপুল পরিমাণ সার মজুদ, সেনাবাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঝিনাইদহের শৈলকুপায় দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের পাইলট স্কুল মার্কেটের দুটি গুদামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, শৈলকুপার বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম ও বিক্রয় কেন্দ্র বন্ধ রেখে মালিক পারভেজ সটকে পড়েন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির জন্য গোপন গুদামে এসব সার মজুদ করা হয়েছিল। বিষয়টি জানার পর সেনাবাহিনীর একটি দল শৈলকুপা পাইটল স্কুল রোড এলাকায় মেসার্স জীম এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার গুদাম থেকে ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

একই সময় গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা পাইলট স্কুল মার্কেটের একটি তালাবদ্ধ গোপন গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ১১০ বস্তা টিএসপি ও ৭৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছিল। এ ধরনের অপতৎপরতা বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

’ তিনি বলেন, ‘উদ্ধার হওয়া সার ন্যায্য মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। তবে এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানাতে পারব।’

সর্বশেষ নিউজ