নারীদের মর্যাদা ও নিরাপত্তা জোরদারে উদ্যোগের প্রতিশ্রুতি অ্যাডভোকেট শাহজাহানের

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর–হাইমচর ৩ আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সদর উপজেলার ১২ নম্বর চন্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় নৌকা–টেম্পোযোগে টানা প্রচারণা করেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নামার পর থেকেই এলাকায় ভোটারদের মধ্যে আগ্রহ দেখা গেছে।

প্রচারণাকালে অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া পথসভা, উঠান বৈঠক ও বাড়ি–বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষভাবে নারী ভোটারদের সঙ্গে পৃথক আলোচনায় তিনি তাদের সমস্যা, নিরাপত্তা ও সামাজিক বঞ্চনার কথা শোনেন।

তিনি বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে চাঁদপুরকে একটি আধুনিক, উন্নত ও সুশাসনভিত্তিক জেলায় রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় গেলে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে, যেখানে প্রতিহিংসা, দখলবাজি বা জুলুমের কোনো স্থান থাকবে না। মানুষ সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে বসবাস করবে।’

অ্যাডভোকেট শাহজাহান মিয়া জানান, অসহায় ও দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় সরকার বহন করবে। নারীদের মর্যাদা, নিরাপত্তা ও উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য সরকারি প্রণোদনা বৃদ্ধি এবং উন্নত বীজ–সার–যন্ত্রপাতি সহজলভ্য করার প্রতিশ্রুতিও দেন তিনি।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, সমাজ উন্নয়ন সংস্থার জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদের খান, ইউনিয়ন জামায়াতের সভাপতি পল্লী চিকিৎসক মোঃ ইকবাল হোসেন খান, সেক্রেটারি মাওলানা মোঃ মনিরুল ইসলাম, সহ–সভাপতি মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম শেখসহ অন্যরা ছিলেন।

দিনব্যাপী প্রচারণা শেষে বিভিন্ন এলাকায় ভোটারদের সমর্থন ও শুভেচ্ছা পেয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

সর্বশেষ নিউজ