বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে ডা. আহাদ এসব তথ্য জানান।
তিনি জানান, হাদির শারীরিক অবস্থা বর্তমানে ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক—অর্থাৎ অবনতি হয়নি, তবে উন্নতিও হয়নি। তার হৃদযন্ত্র সাপোর্টে, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে, এবং কিডনির ইউরিন আউটপুট চিকিৎসা সহায়তায় বজায় রাখা হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাদির মাথার ভেতরে থাকা গুলির অংশটি মস্তিষ্কের ডিপ সিলেট অঞ্চলে অবস্থান করছে, যা অপসারণ করলে ব্রেন ফাংশনে দৃশ্যমান উন্নতি হবে কি না—তার কোনো নিশ্চয়তা নেই। বরং অস্ত্রোপচার বা দীর্ঘ যাত্রার ঝুঁকি বর্তমানে আরও জটিলতা সৃষ্টি করতে পারে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাদির চিকিৎসা আপাতত সিঙ্গাপুর জেনারেল হসপিটালেই চলবে এবং এটি কনজারভেটিভ ম্যানেজমেন্টের আওতায় থাকবে। নিয়মিত ইনভেস্টিগেশন ও ক্লোজ মনিটরিং করা হচ্ছে।
ডা. আব্দুল আহাদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির অবস্থা নিয়ে যেসব উন্নতির দাবি করা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তার শারীরিক অবস্থা আগের মতোই সংকটজনক ও স্থির রয়েছে। চিকিৎসকরা দেশবাসীর প্রতি গুজবে কান না দেওয়ার এবং তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে যে চিকিৎসা প্রোটোকল অনুসরণ করা হয়েছিল, তার ধারাবাহিকতায় সিঙ্গাপুরেও সর্বোচ্চ মানের চিকিৎসা প্রদানের কাজ অব্যাহত থাকবে।

