নিহতরা হলেন— সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (২২) এবং একই এলাকার বরম সিদ্দিপুরের আজমন আলীর ছেলে ইয়াকুব আলী।
বিজিবি সূত্রে জানা যায়, দমদমা সীমান্তের প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে রাজনটিলা এলাকায় ভারতীয় খাসিয়ারা গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আশিক। পরে তার সঙ্গীরা তার মরদেহ বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।
অন্যদিকে, একই এলাকায় পৃথকভাবে খাসিয়াদের গুলিতে আহত হন ইয়াকুব নামে আরও এক যুবক। গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা তাকে দেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

