সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জব্দকৃত চারটি ফ্ল্যাটে থাকা সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা ওই চারটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া আসবাবপত্রসহ অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।
তিনি জানান, এসব সম্পদ রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জব্দকৃত অন্যান্য সম্পদ সংক্রান্ত বিষয়েও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দুর্নীতির অভিযোগে বেনজীর আহমেদের নামে থাকা বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। এ বিষয়ে দুদকের অনুসন্ধান ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে ১০ নভেম্বর নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য পেতেও সংস্থাটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।
দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দ করা ৪টি ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়। আদালতের আদেশে গুলশানে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, এমন কী শার্ট-প্যান্ট, জুতার মতো ব্যক্তিগত সামগ্রীসহ ৭৯২ ধরণের মালামাল হস্তান্তর করা হয়েছে বলে এদিন দুদক জানায়।
নিলামে মালামাল নষ্টের ঝুঁকি এড়াতে ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে বলে জানান মহাপরিচালক আক্তার হোসেন।

