সরকার চায় মানবিক পুলিশবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বর্তমান সময়ের পুলিশ আগের ১৫ বছরের চেয়ে অনেক বেশি সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার এমন একটি পুলিশবাহিনী গঠন করতে চায়, যারা হবে মানবিক ও দায়িত্বশীল।

রোববার (১৫ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আগে যেভাবে মানুষকে চেপে ধরলেই মনে করা হতো পুলিশ কাজ করছে—এই দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন পুলিশ কাজ করছে সক্রিয়ভাবে, কিন্তু মানবিক আচরণ নিয়েই।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যখনই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকেই আইনশৃঙ্খলা বাহিনী একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নেবে ও কাজ শুরু করবে।”

সম্প্রতি উত্তরায় র্যাবের পোশাক পরে নগদের টাকা ছিনতাইয়ের ঘটনায় সরকার উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, “এ ঘটনা দুঃখজনক। খুব দ্রুত সময়ের মধ্যেই দোষীদের গ্রেপ্তার করা হবে।”

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতের অভ্যন্তরে অবস্থান করেন, তবে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো উচিত। জঙ্গলে ফেলে রাখা বা অমানবিকভাবে সরিয়ে দেওয়ার কোনো যুক্তি নেই। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে।”

সর্বশেষ নিউজ