উন্নত জীবনের খোঁজে ইউরোপ পাড়ি জমাতে গিয়ে লিবিয়ায় আটকা পড়েছিলেন ১৫৮ জন বাংলাদেশি নাগরিক। অবৈধ পথে যাত্রা করে তারা পড়েন নানা হয়রানির মুখে—জিম্মি করে কেড়ে নেওয়া হয় সর্বস্ব। তবে এবার সরকারের উদ্যোগে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস, লিবিয়া জানিয়েছে—ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা এসব বাংলাদেশিকে সোমবার (১৬ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (ফ্লাইট নম্বর: UZ222) ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। বিমানটি মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দূতাবাস জানায়, এই প্রত্যাবাসন প্রক্রিয়া সফল করতে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ মিশনের নিরলস প্রচেষ্টা ছিল। আইওএম-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পুরো কার্যক্রমটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার প্রচেষ্টা নতুন নয়। কিন্তু এই পথ বিপদসংকুল হওয়ায় অনেক বাংলাদেশি সেখানে আটকা পড়েন এবং চরম দুর্ভোগের শিকার হন। তাই সরকার অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে এবং আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে।

