স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার রাজধানীর শাপলা হলে ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে এসএসএফ—এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, “এসএসএফ সদস্যরা যেন কখনো জনবিচ্ছিন্ন না হন। বরং নিরাপত্তা এবং জনসংযোগের মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করাই পেশাদারিত্বের পরিচয়। এসএসএফের প্রতিটি সদস্যকে এই চেতনাই ধারণ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম এবং পুলিশের মহাপরিদর্শকসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে দায়িত্বশীল, সতর্ক এবং জনবান্ধব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে এসএসএফের সদস্যদের উৎসাহিত করেন এবং তাদের অতীত অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

