স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ভিপি নুরের ওপর হামলার বিচার এবং জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় ও প্রেসক্লাব ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৯ আগস্ট রাতে পুলিশ ও সেনাবাহিনীর কতিপয় সদস্যের হামলায় নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ছয় দিন পার হলেও সরকার হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। নুরের ওপর হামলার বিচার না হলে সচিবালয় ঘেরাও করা হবে।
তিনি আরও বলেন, “নুরুল হক নুরের ওপর হামলা মানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর হামলা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছে জাতীয় পার্টি ও তাদের দোসররা। জনগণ আওয়ামী লীগ ও তাদের দোসরদের বাংলাদেশ থেকে বিতাড়িত করবে।”
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এড. এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী বলেন, “জাতীয় পার্টি অতীতে যেমন ফ্যাসিবাদী শক্তির দোসর ছিল, সাম্প্রতিক বছরগুলোতেও তারা আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে। নতুন বাংলাদেশের রাজনীতিতে তাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা কোনোভাবেই সফল হবে না।”
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ও সহ-সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য রবিউল হাসান, মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ঈসমাইল, শ্রমিক নেতা রুবেল প্রমুখ।

