বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) বাদ আসর থেকে শহরের বিপনীবাগ, চিত্রলেখার মোড়, কুমিল্লা রোড ও হাজী মহসিন রোড এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ করেন।
বিপনীবাগে শহর জামায়াত আয়োজিত গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ ৫ দফা দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব দেশ ও জাতির সামনে নতুন সম্ভাবনার দ্বার খুললেও কিছু মহলের ক্ষমতালিপ্সা ও অহমিকার কারণে সেই সম্ভাবনা ক্ষয় হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিকভাবে মোকাবেলা না করে হুমকি-ধামকির মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এতে স্পষ্ট—অন্তর্বর্তী সরকার নির্বাচনে সমান সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে।
অ্যাডভোকেট শাহজাহান মিয়া জোর দিয়ে বলেন, জুলাই সনদকে যদি সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয়, তবে দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দেবে। তাই অবিলম্বে এই সনদকে আইনগত স্বীকৃতি দিতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কার্যকর সংস্কারের সময় এসেছে। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। এছাড়া, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার না হলে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই জামায়াত ৫ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন শুরু করেছে।
সভায় শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সবুজ খানের সভাপতিত্বে এবং বাড্ডা পশ্চিম থানা আমীর আব্দুস সবুর ফরহাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, জামায়াত নেতা ওমর ফারুক, আবু হানিফ, মাইনুদ্দিন, আমিন বেপারীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

