বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে একটি মডেল বাংলাদেশ হিসেবে উপহার দিতে চায়। দলটি এমন একটি দেশ গড়তে চায় যেখানে ন্যায়, আদর্শ, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সুশাসনের সমাজ প্রতিষ্ঠিত হবে। মানুষ থাকবে নিরাপদ, সমাজ হবে দুর্নীতি ও বৈষম্যমুক্ত। শিক্ষিত তরুণ প্রজন্ম হবে উন্নয়নের মূল চালিকা শক্তি।
রোববার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও মহল্লায় নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। জামায়াতের কর্মীরা জনগণের সেবক হিসেবে মাঠে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।
দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ভোটের রাজনীতি করি না, করি আদর্শের রাজনীতি। তাই জনগণের আস্থা ও ভালোবাসাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।
রোববার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ব্রাহ্মণ সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। সভাপতিত্ব করেন ৮নং বাগাদী ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসেন খান এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী হোসাইন।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি সুলতান মাহমুদ, মো. আবুল বাশার, মো. মোশারফ হোসেন মেম্বার, হাফেজ এমদাদ হোসেন, আব্দুল ছালাম ও আল আমিন গাজী।

