পর্দার নায়ক এবার বাস্তবের মুখ্যমন্ত্রী! আসনজট কাটিয়ে সরকার গড়ছেন থালাপতি বিজয়

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অবশেষে বাস্তব হতে যাচ্ছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যে আসনজট তৈরি হয়েছিল, আঞ্চলিক দল ভিসিকের (VCK) সমর্থনে তার অবসান ঘটল। আজ শনিবার ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগম’ (TVK)-কে শর্তহীন সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। বিজয়ের দল টিভিকে ১০৭টি আসনে জিতে একক বৃহত্তম দল হলেও ম্যাজিক ফিগার থেকে ১১টি আসন দূরে ছিল। শুরুতে ৫ আসন পাওয়া কংগ্রেস বিজয়কে সমর্থনের কথা জানায়। এরপর দুই বাম দল সিপিএম ও সিপিআই (মোট ৪ আসন) সমর্থন দিলে বিজয়ের শক্তি দাঁড়ায় ১১৬। আজ ভিসিকের সমর্থন নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ১১৮ আসনের লক্ষ্যমাত্রা পার করল বিজয়ের জোট।

বিজয় গত চার দিনে তিনবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সাথে দেখা করলেও প্রয়োজনীয় সমর্থনপত্র না থাকায় সরকার গঠনের আমন্ত্রণ পাননি। এখন সব সমীকরণ মিলে যাওয়ায় তিনি পুনরায় রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন। এবারের নির্বাচনে ডিএমকে-কংগ্রেস-বাম জোট এবং এডিএমকে-বিজেপি জোট যথাক্রমে ৭৪ ও ৫৩টি আসন পেয়েছে। তবে কংগ্রেস ও বাম দলগুলো এমকে স্ট্যালিনের সঙ্গ ছেড়ে বিজয়কে সমর্থন দেওয়ায় তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

সর্বশেষ নিউজ