শ্রমিক অসন্তোষ: মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ ও বিক্ষোভ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে ডেকেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন।

এদিকে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সূত্র জানায়, রোববার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় সরকার মজুরি বোর্ড গঠন করে।

নতুন মজুরি নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। দুপুর ১২টার দিকে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। একই দাবিতে গাজীপুরেও সড়কে নেমে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

শ্রমিক অসন্তোষের এ পরিস্থিতিতে সরকার কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

 

সর্বশেষ নিউজ