মৌলভীবাজার শহরের বড়হাট এলাকা সংলগ্ন মনু নদীর পাড় থেকে নিখোঁজের একদিন পর সুবাস বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সদর উপজেলার কাজিরবাজার এলাকায় মনু নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। আগেরদিন শনিবার নদীর পাড়ে বড়হাট এলাকায় তাঁর ব্যবহৃত জুতা ও ওড়না পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর মরদেহ উদ্ধারের এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মতোই বাসা থেকে হাঁটতে বের হন সুবাস বেগম। দীর্ঘ সময় পার হলেও তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে স্থানীয় মনু নদীর পাড়ে তাঁর ব্যবহৃত জুতা ও ওড়না দেখতে পান স্বজনরা। এরপর ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর রোববার নদীর কাজিরবাজার এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান ধারণা করা হচ্ছে নদীতে পড়ে মৃত্যু হয়েছে।

