১১ মে ২০২৬, সোমবার

আবারও কানের লাল গালিচায় দ্যুতি ছড়াতে ফ্রান্সে উড়াল দিলেন আলিয়া ভাট

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img
আগামীকাল ১২ মে থেকে ফ্রান্সে পর্দা উঠছে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের। বিশ্বের সিনেমা, সংস্কৃতি ও ফ্যাশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই বিনোদনপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। ভারতের হয়ে এবারের কানের মঞ্চে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অদিতি রাও হায়দারির পাশাপাশি দেখা যাবে বলিউড সুপারস্টার আলিয়া ভাটকেও। এ ছাড়া এই প্রথমবার কানের মতো আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্র।

সোমবার (১১ মে) ভোরে কানের উদ্দেশে মুম্বাই ছেড়েছেন আলিয়া ভাট। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই অভিনেত্রী। এ সময় সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট ও ডেনিম জিনসে বেশ স্টাইলিশ লুকেই দেখা যায় তাঁকে।

আন্তর্জাতিক একটি বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এবারের উৎসবে যোগ দিচ্ছেন আলিয়া। ব্র্যান্ডটির প্রতিনিধি হিসেবে কানের লাল গালিচায় আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও হাঁটবেন তিনি।

দ্বিতীয়বারের মতো কানে অংশ নেওয়া প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আলিয়া ভাট বলেন, “দ্বিতীয়বার কানে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। গত বছরের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয় ছিল, আর এ বছর আরও বড় উদযাপনের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।”

আগামী ২৩ মে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব চলচ্চিত্রের এই জমকালো আসর।

অন্যদিকে, অভিনয়ের ফ্রন্টে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া। যশরাজ ফিল্মসের (YRF) স্পাই ইউনিভার্সের ব্যানারে তাঁর নতুন ছবি ‘আলফা’ মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির আসন্ন মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এও দেখা যাবে তাঁকে।

সর্বশেষ নিউজ