সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে, ২৭ মে পবিত্র ঈদুল আজহা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

সৌদি আরবসহ বিশ্বের একাধিক মুসলিম দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ উদযাপিত হবে। আর ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিন পবিত্র আরাফাহর দিন অনুষ্ঠিত হবে ২৬ মে।

ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়ার বেশ কয়েকটি দেশও ইতিমধ্যেই জিলহজ মাসের সূচনা ও ঈদের তারিখ ঘোষণা করেছে। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তাদের দেশেও সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৭ মে ঈদ পালিত হবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও একই দিনে ঈদের তারিখ ঘোষণা করেছে; আজ রবিবার সকালে আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিনের বেলা জিলহজের চাঁদ দেখা যায়।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে তুরস্ক ও তিউনিসিয়াও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। তবে ব্যতিক্রম ঘটেছে ব্রুনাইয়ে। দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে মাসটি শুরু হবে এবং সেখানে কোরবানির ঈদ উদযাপিত হবে ২৮ মে (বৃহস্পতিবার)। বাকি মুসলিম দেশগুলোর চাঁদ দেখা কমিটিও আনুষ্ঠানিক ঘোষণার জন্য চাঁদ পর্যবেক্ষণ ও পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ নিউজ