নেত্রকোনায় নিখোঁজের একদিন পর মগড়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নেত্রোকোনা প্রতিনিধি
spot_img
spot_img

নেত্রকোনা সদরের মগড়া নদী থেকে মোহন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নূরুলিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মগড়া নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মোহন মিয়া সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরুলিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। এর আগে, সোমবার দুপুর থেকেই সে নিখোঁজ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, নিখোঁজ হওয়ার পর কোনো একসময় নদীতে মৃগীর খিঁচুনিতে আক্রান্ত হয়ে সে পড়ে যায়। এতে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, “মোহন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সর্বশেষ নিউজ