পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শুক্রবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে মক্কা শরীফ থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তার সঙ্গে রয়েছেন তাঁর বাবা, মা এবং বোন।
পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিনেত্রী লিখেছেন, “প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচে পড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়। জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।”
তার এই পোস্টের পর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন।
ছোট পর্দার মাধ্যমে শোবিজে পদার্পণ করা ভাবনা ২০১৭ সালে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে তার ‘নয়নতারা’ চরিত্রটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। পরবর্তীতে ‘লাল মোরগের ঝুঁটি’ এবং ‘দামপাড়া’র মতো চলচ্চিত্রে অভিনয় করে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের বাইরেও ভাবনা একজন দক্ষ নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখিকা হিসেবে পরিচিত।

