জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার জানা গেল, তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে আর দেখা যাচ্ছে না। এটি কি নিজ থেকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, নাকি ফেসবুক কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে—তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু রবিবার (৫ জুলাই) নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, প্রচুর সংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ শাওনের অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে। তামান্না সেতু আরও জানান, আলোচিত সেই পোস্টটি শাওন নিজে ডিলেট করেননি, বরং রিপোর্টের কারণেই এক পর্যায়ে অ্যাকাউন্টটি অ্যাক্সেসের বাইরে চলে যায়। শাওন নিজেই তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সংকটের পাশাপাশি শাওন এখন আইনি জটিলতার মুখেও পড়েছেন। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সম্প্রতি শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’। অভিযোগকারীদের দাবি, এসব বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পর এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

