সব কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারিকুলামে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সমান ও ন্যায্য সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ জন্য ভর্তি নীতিমালা, শিক্ষাগত যোগ্যতার সমমান নির্ধারণ এবং ভর্তি পরীক্ষার কাঠামো আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘সব কারিকুলামের শিক্ষার্থীদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ও পথ সম্প্রসারণ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান মো. মোর্শেদুল ইসলাম।

সেমিনারে ও লেভেল ও এ লেভেলসহ আন্তর্জাতিক কারিকুলামে অধ্যয়নরত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান নীতিগত ও কাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সমমান নির্ধারণ, বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়ম, ভর্তি পরীক্ষার কাঠামো এবং বিভিন্ন কারিকুলামের শিক্ষার্থীদের প্রস্তুতির পার্থক্য নিয়ে মতবিনিময় করেন বক্তারা।

আলোচনায় বলা হয়, মেধাভিত্তিক নির্বাচন ও শিক্ষার মান বজায় রেখেই সব কারিকুলামের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও একই ধরনের ন্যায্যতা থাকা উচিত।

সানিডেইল স্কুলের অধ্যক্ষ ইয়াসমিন হাবিব অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের পক্ষে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

সেমিনারে ইউজিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, পিয়ারসন এডেক্সেল ও অক্সফোর্ড একিউএর প্রতিনিধিরাও আন্তর্জাতিক কারিকুলাম ও বাংলাদেশের উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়ার সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা সরকার, বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত সংলাপ ও কার্যকর সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ নিউজ