সরকার পতনের আন্দোলনে জনসমর্থন পাবে না বিরোধীরা: এমপি নুরুল আমিন

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

সরকার পতনের আন্দোলনের ডাক দিলেও বিরোধীরা জনগণের সমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তাঁর দাবি, জনগণ বিরোধীদের বিশ্বাস করে না এবং তাদের ডাকে সাড়া দেবে না।

বুধবার (২৮ অক্টোবর) রাতে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট কলেজ মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন বলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তাঁর ভাষ্য, ছয় মাস আগেও বিরোধীদের ডাকে জনগণ সাড়া দেয়নি, এখনো দেবে না।

তিনি আরও অভিযোগ করেন, বিরোধীরা অতীতে বারবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিল। তাঁর দাবি, সরকার পতনের আন্দোলন ও এক দফার কর্মসূচি ঘোষণা করলেও জনগণ তাদের পাশে থাকবে না।

বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। শেখ হাসিনার পতনের পরও একটি পক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন হতে না দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নুরুল আমিন বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। মিরসরাইয়ের ওয়ার্ড পর্যায় থেকে ভালো ফুটবলার তৈরি হয়ে একসময় জাতীয় পর্যায়ে খেলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৬২টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। ওয়ার্ড পর্যায়ের খেলাগুলো উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

হিঙ্গুলী ইউনিয়ন পর্যায়ের ফাইনালে ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে ২ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বারইয়ারহাট পৌরসভা পর্যায়ের ফাইনালে ৫ ও ৯ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের সমন্বিত দল ২-১ গোলে ১ ও ৪ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জেতে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

সর্বশেষ নিউজ