বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের ভোটাধিকার ও গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই বিপ্লবের চেতনাকে উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তাঁর দাবি, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর জিরো পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর মানুষ আশা করেছিল, দেশে পরিবর্তন আসবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। কিন্তু সরকার জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। অন্যদিকে, বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বাজারে সিন্ডিকেটের প্রভাব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ সরকার সুশাসন প্রতিষ্ঠার কথা বলছে।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ তুলে হান্নান মাসউদ বলেন, জুলাই বিপ্লব কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন ছিল না; এটি ছিল দেশের জনগণের আন্দোলন। তাঁর অভিযোগ, ১৭ বছর ধরে বিএনপি জনগণকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করতে পারেনি। ক্ষমতাসীন দল হিসেবে যেমন তারা ব্যর্থ হচ্ছে, তেমনি বিরোধী দল হিসেবেও ব্যর্থ হয়েছিল।
তিনি বলেন, জনগণ জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানো, চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাস দমন এবং নিরাপদে চলাচলের নিশ্চয়তা চায়। কিন্তু সরকার এসব দাবি পূরণ করতে পারছে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন হান্নান মাসউদ। একই সঙ্গে জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এনসিপির এই নেতা বলেন, মন্ত্রিসভা থেকে ব্যর্থ এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বাদ দিতে হবে। অন্যথায়, সরকার চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ এসব কর্মকাণ্ডের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করবে।

