এতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করছে মিরপুর ট্রাফিক বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা। তিনি বলেন, পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার প্রায় পাঁচ ঘণ্টা করে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।
শনিবার অবরোধ শেষে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও শপিং মলেও ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর এলাকায় কয়েক দিন ধরে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

