সংবাদপত্র নয়, মিথ্যা ন্যারেটিভ ছিঁড়েছি: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
ফেসবুক লাইভে সংবাদপত্র ছেঁড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।’

শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি জেল খেটেছেন। তাঁর কোনো বক্তব্য অপছন্দ হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। সেই সমালোচনাকে তিনি সাধুবাদ জানাবেন।

তবে ‘আমার দেশ’ পত্রিকা তাঁকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁনের ভাষ্য, সম্পাদক মাহমুদুর রহমানের তাঁকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ করার অধিকার নেই।

তিনি বলেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য সামনে আনার পর পালটা ন্যারেটিভ হিসেবে তাঁর বিরুদ্ধে জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ তোলা হয়েছে।

রাশেদ খাঁন আরও বলেন, এ অভিযোগ জামায়াত বা দলটির নেতা গোলাম পরওয়ার করলে তিনি রাজনৈতিক ভাষায় জবাব দিতেন। কিন্তু জামায়াত ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে। তাই একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন।

তিনি দাবি করেন, ‘আমার দেশ’ কোনো পত্রিকা নয়; বরং এটি জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার। এ হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হননের সুযোগ নেই। পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ নিউজ